বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক ঘণ্টার বেশি সময়ে বৈঠকে ভারত আশ্বস্ত করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা আরও সহজ করা হবে। আলোচনায় এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ড. এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ছাড়াও তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এসব বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। ভারত দ্রুত ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়।
এর আগে, নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন ড. খলিল।