স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, খালি গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জন্দিরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. সাগর মিয়া (৩৬) পিতা মো. মোজাম্মেল হক তিনি রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন বাংলাবাজার বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা নামক স্থানে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও মালামাল জব্দ করা হয়। এ সময় ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। এছাড়াও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ড্রাইভার সাগর মিয়া বিজিবি’র জিজ্ঞাসাবাদে জানান, আমি গাড়ি থামিয়ে সিগারেট কিনতে গেলে হেলপার সেলিম মিয়া গাড়িতে একটি বস্তা উঠিয়ে দেয়। বস্তাটা কিসের এটা জিজ্ঞাসা করলে সে জানায়, এটা চটের বস্তা- সামনে নেমে যাবে। বস্তার ভিতর যে মদের বোতল ছিল আমি তা জানতাম না।
রৌমারী-রাজিবপুর ওমেরা গ্যাস ডিলার জানান, গোডাউন থেকে গ্যাসের খালি সিলিন্ডার গুলো বগুড়া নিয়ে যাওয়ার জন্য পাঠানো হচ্ছিল। আমি নিজে উপস্থিত থেকে ট্রাক লোড দিয়েছি সেখানে মদের বোতল ছিলনা। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। তবে, মদের বোতল কোথা থেকে এসেছে তা আমি জানিনা।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।