স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার চর ফুলবাড়ী গ্রামে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে তার বাড়িতে হানা দেয় অধিদপ্তরের একটি টহল দল। পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সোহেলের নিজ শোবার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল মিয়া চর ফুলবাড়ী গ্রামের শাহা আলমের ছেলে। গ্রেপ্তারের পর তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আবু নায়েম কাজী মো. নুরুন্নবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
রৌমারী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।