স্টাফ রিপোর্টার :
রৌমারীতে দীর্ঘ ৬ বছর পর ‘মুক্তাঞ্চল প্রেসক্লাবে’র কার্যক্রম শুরু হলো। ২০২০ সালের ১০ এপ্রিল ‘স্বচ্ছ সাংবাদিকতার প্রত্যয়’ নিয়ে শুরু হয়েছিল প্রেসক্লাবটি। সেসময় একদল তরুণকে নিয়ে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। কিন্তু ২ বছর পর নানা জটিলতায়
সাময়িক ভাবে স্থগিত করা হয় এর কার্যক্রম।
গতকাল ১৩ এপ্রিল রৌমারী-ঢাকা সড়কের রিফাত কাউন্টার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে প্রেসক্লাবটির কার্যক্রম শুরু করার আহ্বান জানান আহ্বায়ক রফিকুল ইসলাম সাজু। এতে উপস্থিত সকলে রাজি হলে একটি আহ্বায়ক কমিটি গঠন পূর্বক নতুন করে এর কার্যক্রম শুরু হয়। কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব পত্রিকার রৌমারী প্রতিনিধি রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করে এ কমিটির ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামি এক মাসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভূক্তি ও পূর্ণাঙ্গ কমিটির জন্য ক্ষেত্র প্রস্তুত করতে বলা হয়। এছাড়াও একটি স্থায়ী কার্যালয়ের জন্য ব্যবস্থা করণের প্রস্তাব করা হয়। যা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পূর্বে এর কার্যক্রম দেখতে চায় উপস্থিত সদস্যরা।
নবগঠিত কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, আমরা রৌমারীর সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি স্বচ্ছ ও সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরি করতে চাই। ‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’ হবে দুর্নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, নতুন এই যাত্রার মাধ্যমে মুক্তাঞ্চল প্রেসক্লাব স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় গণমাধ্যমে জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবে।