রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পবিত্র মসজিদ প্রাঙ্গণ থেকেও রক্ষা পেল না মোটরসাইকেল। তুড়া রোড সংলগ্ন মার্কাস মসজিদে এশার নামাজ ও আমল চলাকালীন একটি ডিসকভার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা থেকে ১০টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল্লাহ হেল কাফি বন্দবের ইউনিয়নের কুটিরচর খাঁ-পাড়া গ্রামের মৃত ছাইয়েদুর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, কাফি ওইদিন সন্ধ্যায় মার্কাস মসজিদে সবগুজার আমলে অংশ নিতে যান। তিনি তার মোটরসাইকেলটি মসজিদের বারান্দায় নির্ধারিত গ্যারেজে রেখে ভেতরে প্রবেশ করেন। এশার নামাজ শেষ করে এবং রাতের খাবার খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে তিনি দেখেন গ্যারেজে তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লি ও আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও কোনো হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা চোর চক্র সুযোগ বুঝে রাত ৮টা থেকে ১০টার মধ্যে সুকৌশলে বাইকটি নিয়ে চম্পট দিয়েছে।
এই ঘটনায় আব্দুল্লাহ হেল কাফি বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পবিত্র স্থানে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলি জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চোর শনাক্ত ও বাইকটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।