ইন্টারন্যাশনাল ডেক্স:
তীব্র জ্বালানি সংকটের মুখে শনিবার থেকে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক মাসের জন্য রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মূলত শিক্ষার্থী, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের যাতায়াত খরচ কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
পাকিস্তানে ইতোমধ্যে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে ৪৩ শতাংশ ও ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম ১৩৭.২৩ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪১ রুপিতে এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছে।
এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ত্রাণমূলক ব্যবস্থার ব্যয় মেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দেবে।
অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও প্রদেশের বাসিন্দাদের জন্য বিশাল ত্রাণ প্যাকেজ উন্মোচন করেছেন। এই প্যাকেজের আওতায় পাঞ্জাবের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাসসহ সব ধরনের সরকারি গণপরিবহনে টিকিট ছাড়াই যাতায়াত করা যাবে। মুখ্যমন্ত্রী জনগণকে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে জনপরিবহন ব্যবহারের আহ্বান জানান এবং মোটরসাইকেল মালিকদের ভর্তুকি পেতে আগামী ১৫ দিনের মধ্যে নিজস্ব নামে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দেন।
এই ঘোষণাটি জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে যাত্রীদের সহায়তায় এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।