মুক্তাঞ্চল বিনোদন ডেক্স:
মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’
উল্লেখ্য, এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।