মুক্তাঞ্চল ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ কর্মচারী। তাদের চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চলছে।
মঙ্গলবার রাতে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছত্রিশগড়ের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। এছাড়া বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস, পিটিআই।
সম্পাদক-01710228816
প্রকাশক- 01710489984,
অফিসের ঠিকানাঃ ২১১/বি, (চতুর্থ তলা) উলন রোড, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯। প্রকাশক- মোঃ রবিউল ইসলাম, সম্পাদক- মোঃ মোকছেদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬